“নিঃসন্দেহে বন্ধ হওয়া দরকার”, গরু পাচার নিয়ে মুখ খুললেন আরেক তৃণমূল বিধায়ক। গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে, আপাতত আসানসোল জেলে রয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তার মাঝেই বেআইনি ভাবে গরু পাচার নিয়ে মুখ খুললেন, পূর্ব বর্ধমানের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ। তিনি বলেন, “গরু পাচার কীভাবে হয়েছে সেটা আইন অনুযায়ী তদন্ত হবে, বেআইনি কাজ হয়ে থাকলে, সেটা নিঃসন্দেহে বন্ধ হওয়া দরকার”।
গরু পাচার নিয়ে তিনি আরও বলেন, “গরু পাচার সারা পশ্চিমবঙ্গে তো এই প্রথম হয়নি! ব্রিটিশ আমল থেকে বাম আমল সব সময়েই বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সব বিভিন্ন জায়গা পেরিয়ে পাচার হয়েছে। যেখানে যেখানে হচ্ছে, তার নির্দিষ্ট প্রমাণপত্র থাকলে সেই অনুযায়ী আইনি ব্যবস্থা হবে। প্রশাসন, পুলিশ, রাজনীতিক, বিএসএফ জড়িত না থাকলে গরু পাচার সম্ভব হত না”।
আরও পড়ুনঃ ‘ভয়ঙ্কর কাণ্ড’ শিক্ষক নিয়োগে, টাকা নিয়ে বাংলাদেশিদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে
২০১০ সালে মঙ্গলকোট বিস্ফোরণে, অনুব্রত মণ্ডলের সঙ্গে নাম জড়িয়েছিল এই শেখ শাহনওয়াজের। বৃহস্পতিবার সেই কারণেই তিনি, বিশেষ আদালতে হাজিরা দিতে আসেন। এই একই মামলায় আসানসোল জেল থেকে অনুব্রতকেও, বৃহস্পতিবার কলকাতায় আনা হয়। সেখানেই শাহনওয়াজ শেখ মুখ খোলেন গরু পাচার নিয়ে।
ইতিমধ্যেই তৃণমূল সাংসদ জহর সরকার ও বিধায়ক শ্রীকান্ত মাহাত, দলের নেতা-নেত্রীদের দুর্নীতি নিয়ে মুখ খুলে তৃণমূল নেতৃত্বের বিরাগভাজন হয়েছেন। বিধায়ক শ্রীকান্ত মাহাতকে, ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



















